সর্বশেষ সংবাদ :

দূর্গাপুরে সরকারি বরাদ্দের লবণ বিক্রির সময় মাদ্রাসা সুপার আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে কোরবানির ঈদের সরকারি বরাদ্দের ৩৬ বস্তা অব্যবহৃত লবণ গোপনে বিক্রির চেষ্টাকালে এক মাদ্রাসা সুপারকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা নতুন হাটের মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেনের সুপার জাহিদ হাসানকে (৩৫) গতকাল বৃহস্পতিবার রাতে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদে ওই মাদ্রাসায় চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে লবণ বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অব্যবহৃত ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রি করার চেষ্টা চালান মাদ্রাসা সুপার জাহিদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী অভিযুক্ত জাহিদ হাসানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদ্রাসা সুপারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও অনাদায়ে জরিমানা করা হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।


প্রকাশিত: August 29, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ