সর্বশেষ সংবাদ :

কিউইদের হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে আবারও শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ব্যাট হাতে আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের দারুণ পারফরম্যান্সের পর বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।
ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুতেই জিসান আলম কোনো রান না করে ফিরলেও হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম ইনিংস সামাল দেন।
সোহান ২১ বলে ২৬ রান করে আউট হওয়ার পর অধিনায়ক ইরফান শুক্কুর মাত্র ৩ রান করে ফেরেন।
এরপর আরিফুলের সঙ্গে জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন সাব্বির রহমান। ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন আরিফুল। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা। শেষদিকে সাব্বিরের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মাত্র ৩৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন সাব্বির। ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। তার ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড ‘এ’। কেটেন ক্লার্ক ১০ বলে ২৪ রান করে ফেরার পর ম্যাক্স চু ও ম্যাথু বয়েল ৫৪ রানের জুটি গড়েন। চু ৩৩ বলে ৪৪ এবং বয়েল ২২ বলে ৩১ রান করেন। তাদের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশের বোলাররা। শেষদিকে জশ ক্লার্কসন চেষ্টা করলেও প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানেই থামে তাদের ইনিংস।
ফলে ২৩ রানের জয় নিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা।


প্রকাশিত: August 28, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ

আরও খবর