সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৪ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পর বিকেলে স্বজনেরা নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: August 26, 2026 | সময়: 5:03 am | সুমন শেখ