, , ।
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সুবিধা করতে পারছে না শ্রীলঙ্কা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও একাই লড়াই চালাচ্ছেন সোনাল দিনুশা। ভারতের প্রথম ইনিংসের ৫০৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৫ রান। দিনুশা অপরাজিত আছেন ৮৫ রানে।
দলকে ফলো অন থেকে বাঁচানোর জন্য দিনুশা একা লড়াই করছেন। এখনও ৩৯ রান দরকার ফলো অন এড়াতে।
তৃতীয় দিনের শুরুটা শ্রীলঙ্কা করেছিল ২ উইকেটে ৮ রান নিয়ে। পুরো দিনে ৮০.৪ ওভারে ব্যাটিং করে লঙ্কানদের বোর্ডে যোগ হয়েছে আরু ২৫৭ রান ও হারিয়েছে ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসের রান থেকে তারা এখনও পিছিয়ে ২৩৮ রানে। ফিফটির দেখা পেয়েছেন শ্রীলঙ্কার পাসিন্দু সুরিয়াবান্দারাও। রবীন্দ্র জাদেজার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাটে আসে ৮০ রান। তিনি আউট হলে ১৭১ রানে ৬ উইকেট পাসিন্দু হারায় লঙ্কানরা। স্কোরবোর্ডে আর ২ রান যোগ করতেই আউট হন নিরোশান ডিকভেলাও।
৭ উইকেট পতনের পর শ্রীলঙ্কার ফলো অনে পড়া অবশ্যম্ভাবী মনে হচ্ছিল। তবে এখন পর্যন্ত সেটি হয়নি দিনুশার কারণে। অষ্টম উইকেটে কেশারা নুয়ান্তার সঙ্গে তিনি গড়েন ৫৭ রানের জুটি। এরপর পর নবম উইকেটে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লাহিরু কুমারার সঙ্গে। এই জুটিতেই দিনের খেলা আগেভাগেই শেষ হয় বৃষ্টি শুরু হলে। ৮৫ রানে ব্যাটিং করা দিনুশা কাল কি নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাবেন? সেঞ্চুরি পান বা না পান, ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে দুর্দান্ত। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ফলো অন এড়াতে পারে কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল চতুর্থ দিনের খেলার।