সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ৩২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও বালাইনাশক বিতরণ

ঈশ্বরদী প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ৩২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বালাইনাশক সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার ২৩ আগস্ট সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন।
ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলার ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বিভিন্ন সবজির বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্র আরও জানায়, এই প্রণোদনার আওতায় ঈশ্বরদী উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন দেওয়া হয়েছে। এ ছাড়া লেবু বাগান স্থাপনের জন্য ২০ জন কৃষককে জনপ্রতি পাঁচটি করে উচ্চফলনশীল লেবুর চারা এবং ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও বসতবাড়িতে সবজি চাষে উৎসাহিত করতে ২ হাজার ৭০০ জন কৃষককে খরিপ মৌসুমের বিভিন্ন শাকসবজির বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ

আরও খবর