, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মারক লিপি প্রদান করেন।
সাতদফা দাবির মধ্যে রয়েছে-দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত বা বেকার করা যাবে না। দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন ও নির্ধারণ করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা (খসড়া তৈরি) বা রেজিস্ট্রি করার জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া কোনো অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না।
থানা ও জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করতে হবে। মক্কেলের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের কোনো মামলায় আসামি করা যাবে না। দলিল লেখকদের পেশাগত অধিকার রক্ষার্থে একটি স্বতন্ত্র ‘দলিল লেখক কাউন্সিল’ গঠন করতে হবে।
স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি এসএম আয়নাল হক, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলার প্রত্যেক উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক প্রমুখ। জানা গেছে রাজশাহী বিভাগের আট জেলায় এ কর্মসুচি পালন করা হয়।