সর্বশেষ সংবাদ :

৭ জনের বিরুদ্ধে মামলা পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ যুবক নিহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই রফিকুল ইসলাম (৪০)। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভুরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুয়াপাড়া গ্রামের ফজলুলের ছেলে করিম, তাঁর ভাই রফিকুল ইসলাম ও রাব্বির সঙ্গে একই এলাকার জিল্লুর ও শাহাবুরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
নিহতের পরিবারের অভিযোগ, করিমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ভাই রফিকুল ইসলামকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার দিন রাতেই নিহত করিমের বড় ভাই আলম বাদী হয়ে সাতজনকে আসামি করে বেলপুকুর থানায় মামলা করেছেন। তবে মামলায় অভিযুক্তদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার দিন রাতেই নিহতের বড় ভাই আলম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ এবং হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ