, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন গ্যাসবাহী একটি ট্যাঙ্কারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেল সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, একটি ট্যাঙ্কার যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছলে বিকট শব্দে ট্যাঙ্কারটির একটি অংশ ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে নাইট্রোজেন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্যাঙ্কারটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়।
মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, ‘তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্যাঙ্কার হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের মতো শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।’ তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্যাঙ্কারটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বড়াইগ্রামের আইড়মারী ব্রিজ এলাকায় একই মহাসড়কে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেন গ্যাসবাহী আরেকটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।