সর্বশেষ সংবাদ :

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর বাতিলসহ সাত দফা দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের প্রক্রিয়া বাতিল ও সদর দপ্তর রাজশাহীতে স্থায়ী করাসহ সাত দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস), ভঙ্গী নৃত্য শিল্পালয় ও স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে স্থায়ী করা, রাজশাহী বিভাগের প্রশাসনিক অখণ্ডতা রক্ষা, রাজশাহী সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, জাতীয় দপ্তরের বিকেন্দ্রীকরণ, শাহ মখদুম বিমানবন্দরে কার্গো সেবা চালু, সুলতানগঞ্জ-মায়া নৌপথ চালু এবং বিশেষায়িত শিশু হাসপাতাল সচল করার দাবি জানানো হয়।
এ ছাড়া রাকাব, নেসকো, রেশম গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট, রেশম বোর্ড, সারদা পুলিশ একাডেমি, পোস্টাল একাডেমি ও বিএমডিএসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে স্থানান্তরের প্রক্রিয়া থেকে আইনি সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:46 am | সুমন শেখ

আরও খবর