সর্বশেষ সংবাদ :

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠন। তাদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের লোকজনকে এ কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে সরকারের এই কর্মসূচি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
রোববার ৯ আগস্ট দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন।
সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের লোকজনকে এ কাজে নিয়োগ দেওয়া হলে তা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হলে তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছভাবে করতে হবে।
বিপ্লব অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগে প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র ও অনিয়ম হচ্ছে। তার দাবি, এ কাজে যোগ্য ও স্থানীয়ভাবে পরিচিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের লোকজনকে এ কাজে নিয়োগ দেওয়া হলে তারা সরকারের কর্মসূচিকে বিভ্রান্ত বা বিতর্কিত করতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রশাসনকে জবাবদিহির আওতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, তাদের দাবি উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হলে পরবর্তীতে উপজেলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে নেতাকর্মীরা ‘নয়-ছয়ের নিয়োগ মানি না, মানব না’, ‘মিথ্যাচারের নিয়োগ মানি না, মানব না’ এবং ‘কারচুপির নিয়োগ মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সফিকুল ইসলাম (বেলাল বুশ), উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ