সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ভেজাল ধান বীজে ফলন না হওয়ার অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রাফিদ সীড্ কোম্পানি (প্রাঃ) লিমিটেডের বীজ নিয়ে ধান চাষ করে ফলন না পাওয়ার অভিযোগ করেছেন দুই কৃষক। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ক্ষতিপূরণ ও প্রতিকারের জন্য ৬ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।
অভিযোগকারী উপজেলার দাসগ্রামের কৃষক আব্দুল কুদ্দুস ও খায়রুল ইসলাম জানান, তারা এ বছর চার বিঘা জমি অন্যের কাছ থেকে লিজ নেন। পরে তারা উপজেলার রাজাপুর হাটের সেলিম বীজ ভান্ডার থেকে রাফিদ সীড্ কোম্পানি (প্রাঃ) লিমিটেডের ধান বীজ কিনেন। এরপর বীজতলায় চারা উৎপাদন করে প্রায় চার বিঘা জমিতে ওই চারা রোপণ করেন।
নিয়মিত পরিচর্যায় ধান গাছ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং শীষও বের হয়। কিন্তু পরবর্তীতে চালের পরিবর্তে পুরো জমির ধানের শীষ চিটা হয়ে গেছে। এতে কোন ফলন না টেয়ে তাদের প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তারা। তারা আরও জানান, বিষয়টি নিয়ে সেলিম বীজ ভান্ডারে একাধিকবার যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। পরে বাধ্য হয়ে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে রাফিদ সীড্ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক সঙ্গে কথা বলা হলে তিনি নাম প্রকাশ না করে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে বীজের কারণে ধান না হওয়া নাকি অন্য কোনো কারণে ফলন হয়নি তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কৃষকদের সঙ্গে কথা বলে কি করা যায় সেটা দেখবো।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ