, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও স্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রি-মুখী সংঘর্ষে ইয়ারুল (৩২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহত একই এলাকার বাবু (৪০) ও সাজদারকে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুলসহ কয়েকজন কৃষি শ্রমিক ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। ভ্যনিটি নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীমুখী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইয়ারুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।