, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের ঘোলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আতিকুর রহমান উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে ঘোলহাড়িয়া এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আতিকুর রহমানের মরদেহ শনাক্ত করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।