সর্বশেষ সংবাদ :

ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে জাফনাকে জেতালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এতদিন ব্যাট হাতে খুব একটা সুযোগ পাননি সাকিব আল হাসান। তবে সুযোগ পেয়ে অবশ্য সেটিকে কাজে লাগাতে দেরি করলেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার পর বল হাতেও তিন উইকেট নিয়ে জাফনা কিংসের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
শুক্রবার পাল্লেকেলেতে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারিয়েছে জাফনা। আগে ব্যাট করে ৬ উইকেটে ২২১ রান তোলে দলটি। জবাবে ক্যান্ডি থেমে যায় ২০০ রানে। জাফনার ইনিংসে শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বটা পালন করেন সাকিব। ছয় নম্বরে নেমে ১৬ বলে এক চার ও এক ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন তিনি। একই দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ২১ রান করেন তাওহীদ হৃদয়। ওপেনার কামিল মিশারা খেলেন দলের সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস।
বড় সংগ্রহ গড়ার পর বল হাতেও শুরু থেকেই প্রভাব দেখান সাকিব। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ওপেনার লাহিরু ইগালাগামাগেকে। পরের ওভারে তার শিকার হন কুশল পেরেরা। পরে নিজের শেষ ওভারের শেষ বলে ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে তিন উইকেট পূর্ণ করেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।
হাসারাঙ্গা অবশ্য বিদায়ের আগে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। সাকিবের শেষ ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ১২ বলে ২৪ রান করেন তিনি। চতুর্থ ছক্কা মারতে গিয়ে আউট হলে কার্যত শেষ হয়ে যায় ক্যান্ডির আশা। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। এই জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে জাফনা কিংস। এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে দলটি।


প্রকাশিত: August 1, 2026 | সময়: 3:56 am | সুমন শেখ

আরও খবর