, , ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছিল কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই নজর কাড়ে আফ্রিকার দেশটি। এবার সেই রূপকথার অভিযানে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ হলো। টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার জিতেছেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেস কাবরাল।
ফিফার আয়োজিত গণভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাবরালের করা বাঁকানো শর্টের সেই গোল। বিশ্বকাপের ৩০৮ গোলের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষা করা তাঁর দুর্দান্ত সেই গোলটি। মায়ামি গার্ডেন্সে শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেসিদের বিপক্ষে অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে নেওয়া কাবরালের বাঁকানো শট জড়িয়ে যায় জালের ডানদিকের ওপরের কোণে। দারুণ সেই গোলে ম্যাচে ২-২ সমতায় ফেরে কেপ ভার্দে। যদিও শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।
সেরা গোলের লড়াইয়ে কাবরাল পেছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভ ও হাইতির উইলসন ইসিদরকে। শোমুরোদভ কঙ্গোর বিপক্ষে করা চিপ শট আর ইসিদরের মরক্কোর বিপক্ষে শক্তিশালী দূরপাল্লার গোলও ছিল শেষ ১২ জনের সংক্ষিপ্ত তালিকায়। শেষ পর্যন্ত সমর্থকদের ভোটেই বিজয়ী হন কেপ ভার্দের এই ফরোয়ার্ড।
তবে শুধু গোল নয়, কাবরালের উদযাপনও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর তালিকায়। গোল করার পর সতীর্থদের এড়িয়ে গ্যালারিতে উঠে ছুটে যান নিজের প্রেমিকা ও মায়ের কাছে। পরে সেই আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করে কাবরাল বলেন, ‘ম্যাচের আগে আমি মা আর আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম, গোল করতে পারলে আমি দৌড়ে তাদের কাছেই যাব। সেখানে গিয়ে দেখি, মা কাঁদছেন। তিনি বুঝতেই পারেননি আমি তাঁর সামনে দাঁড়িয়ে আছি। সবাই তখন তাঁকেই সামলাতে ব্যস্ত ছিল, কারণ আমার গোলের পর তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।’
বিশ্বকাপে অভিষেকেই দারুণ ছাপ রেখে গেছে কেপ ভার্দে। টুর্নামেন্টের শুরুতেই গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ নৈপুণ্যে ভবিষ্যৎ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল দলটি। পরে শেষ ষোলোয় আর্জেন্টিনাকেও কঠিন পরীক্ষায় ফেলে দেয় আফ্রিকার দেশটি। শিরোপা না জিতলেও, দুর্দান্ত লড়াই আর টুর্নামেন্টসেরা গোলের স্বীকৃতিতে স্মরণীয় হয়ে থাকল কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অভিযান।