, , ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দেশিপাড়ায় (আদিবাসী পাড়া) এ অভিযান চালানো হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয়।
সোমবার সন্ধ্যায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে ২৭টি সিলভারের বড় পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) সংরক্ষণপূর্বক অবশিষ্ট ওয়াশ/জাওয়া পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।