সর্বশেষ সংবাদ :

বিশ্বসেরাদের মিলনমেলা গ্লাসগো

স্পোর্টস ডেস্ক: পর্দা উঠছে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১১ দিনের এই আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারের বেশি অ্যাথলেট ১০টি খেলা এবং ছয়টি প্যারা ডিসিপ্লিনে লড়বেন মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য।
এবারের গেমসে অংশ নিচ্ছেন অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসের অসংখ্য তারকা। ফলে প্রতিটি ডিসিপ্লিনেই জমে উঠবে বিশ্বসেরাদের লড়াই। সবচেয়ে বেশি নজর থাকবে অ্যাথলেটিকসে। সদ্য ওয়ান মাইলে বিশ্বরেকর্ড গড়া স্বাগতিক স্কটল্যান্ডের জশ কেরের নেতৃত্বে থাকছেন জেক ওয়াইটম্যান, নিল গোরলি, লরা মুইর ও এলিশ ম্যাককলগান। পুরুষদের জ্যাভলিনে মুখোমুখি হচ্ছেন ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া ও পাকিস্তানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ স্বর্ণজয়ী আরশাদ নাদিম- যা হতে যাচ্ছে গেমসের অন্যতম আকর্ষণ।
সাঁতারে থাকছেন ব্রিটিশ কিংবদন্তি অ্যাডাম পিটি, দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস এবং অস্ট্রেলিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন মলি ও’ক্যালাহান, কাইল চালমার্স ও ক্যামেরন ম্যাকইভয়। ট্র্যাক সাইক্লিংয়ে অংশ নিচ্ছেন বিশ্বের দ্রুততম স্প্রিন্টারদের একজন ম্যাথিউ রিচার্ডসন এবং ওয়েলসের এমা ফিনুকেন। বক্সিংয়েও থাকছে বিশ্বমানের প্রতিদ্বন্দ্বিতা। ভারতের তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে রিংয়ে উঠবেন।
জিমন্যাস্টিকসে নজর থাকবে নর্দার্ন আয়ারল্যান্ডের অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন রিস ম্যাকলেনাঘান এবং সাইপ্রাসের তারকা মারিওস জর্জিওর দিকে। নেটবল, জুডো, ওয়েটলিফটিং, লন বোলস, থ্রি-অন-থ্রি বাস্কেটবলসহ প্রতিটি ডিসিপ্লিনেই অংশ নিচ্ছেন বর্তমান বিশ্বসেরা ও অলিম্পিক পদকজয়ীরা। পদক লড়াইয়ে শক্তিশালী অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক স্কটল্যান্ড। ২০২২ সালের বার্মিংহাম গেমসে ৬৭টি স্বর্ণসহ মোট ১৭৯টি পদক জিতে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতেছিল ১৭৬টি এবং স্বাগতিক স্কটল্যান্ড পেয়েছিল ৫১টি পদক।
এবারের গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে চারটি ডিসিপ্লিন- অ্যাথলেটিকস, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস ও সাঁতারে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনই থাকবে বাংলাদেশের মূল লক্ষ্য।


প্রকাশিত: July 24, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ