সর্বশেষ সংবাদ :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাম্য সালিশের মাধ্যমে জমি উদ্ধার স্বস্তি এলাকায়

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলার ভিটা গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিচারকমণ্ডলীর নিরপেক্ষ হস্তক্ষেপে বাদীপক্ষ তাদের পৈত্রিক জমির দখল ফিরে পেয়েছেন।
ঘটনার প্রেক্ষাপট: দীর্ঘদিন ধরে বাগডাঙ্গা দক্ষিণ সরকারটারী গোপালপুর গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক (পিতা: মৃত সাইফুদ্দিন, সাং: বাগ ডাঙ্গা দক্ষিণ সরকার টারী) এবংএকই গ্রামের বিবাদী মোঃ আব্দুল গফফার, আব্দুল জব্বার, একাব্বর আলী ও মনির হোসেন (ওরফে পনির উদ্দিন) গং এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে বিবাদীপক্ষ জোরপূর্বক বাদীপক্ষের দখলীয় জমিতে ঘর উত্তোলন করেন এবং কিছু বৃক্ষ রোপণ করে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন।
সালিশ ও নিষ্পত্তি: জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি মীমাংসার জন্য একটি গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারকমণ্ডলী যাচাই করে দেখেন যে, বিবাদীদের কাছে উক্ত জমির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই। এর প্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিতে বিবাদীদের কাছ থেকে জমিটি উদ্ধার করে পুনরায় বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাদীপক্ষকে তাদের জমির দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ: এই সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সোলায়মান আলী, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মাহাবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ বিচারকমণ্ডলীর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেছেন।


প্রকাশিত: July 23, 2026 | সময়: 4:13 am | সুমন শেখ