সর্বশেষ সংবাদ :

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন : বড়াইগ্রামে সভাপতি স্বাক্ষর না দেয়ায় দুই মাসের বেতন বন্ধ

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামের ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিল ভাউচারে স্বাক্ষর না করায় মে-জুন মাসের বেতন তুলতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা। দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষকে পুনর্বহালে রাজি না হওয়ায় তিনি বেতন-বিলে স্বাক্ষর করছেন না। সাবেক অধ্যক্ষকে পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত বেতন উত্তোলনের ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার বিকালে মাদরাসার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনকালে মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদুল্লাহ, সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ারুস সাদাত, প্রভাষক তোফায়েল আহমেদ, শিক্ষার্থী আব্দুল কাহহার, হিয়া নুরানী খাতুন ও মাইশা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ভুক্তভোগী কয়েকজন উপজেলা ওলামা লীগের সভাপতি তৎকালীন অধ্যক্ষ ওসমান গণিকে নানা সময়ে দেয়া প্রায় ২০ লাখ টাকা ফেরত দিতে চাপ দেন। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে ওই বছরের ২ সেপ্টেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর থেকে অদ্যাবধি তিনি মাদরাসায় অনুপস্থিত রয়েছেন। গত ২৮ জুন স্থানীয় বিএনপি নেতা রবিউল করিম সরদার এডহক কমিটির সভাপতি হন।
এরপর তিনি মাদরাসায় এসে জোরপূর্বক সাবেক অধ্যক্ষকে পুনর্বহাল ও মে-জুন মাস হতে তার বেতন দেয়ার জন্য চাপ দেন। কিন্তু বিধি মোতাবেক তিনি স্বপদে ফিরতে পারলে পরবর্তীতে তাকে বেতন দেয়ার কথা বললে সভাপতি ক্ষুব্ধ হয়ে শিক্ষক-কর্মচারীদের দুই মাসের বিল-ভাউচারে স্বাক্ষর করছেন না।
তারা আরো বলেন, সরকারী জটিলতার কারণে আমরা দুই মাস বেতন পাইনি। এখন সে বেতন ছাড় হলেও সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে টাকা তুলতে পারছি না। এটা খুবই অমানবিক।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রবিউল করিম সরদার বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে আমি কিছু জানি না। কিন্তু আমি বলার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল-ভাউচারে তার নাম বাদ রাখায় আমি সই করিনি।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:31 am | সুমন শেখ