, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দুটি গরু ও ১টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির চারিদিকে ইটের দেয়াল ও উপরে টিন, বাড়ির ভেতরেই বিপুল পরিমান খড় ও লাকড়ি ছিল। প্রতিবেশীরা বলছেন, গরুর গোয়ালে কয়েল থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এসময় ঘরে থাকা বানু (৫২) নামের মধ্যবয়সী এক নারী চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন।
প্রতিবেশী মামুন বলেন, রাতে আমার নাম ধরে কে যেন ডাকছে। আমি বাড়ির বাইরে বের হয়ে দেখি বানু আপার বাড়িতে আগুন জ¦লছে। এসময় আমি সহ কয়েকজন মিলে ঘরের দেয়াল কোদাল দিয়ে ভেঙে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করি।
হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে গোয়ালঘরে থাকা দুটি গরু ও ১টি ছাগল আগুনে পুড়ে প্রাণ হারায়।
খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ নারী বানুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার বেগতিক দেখে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তানোর ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, দগ্ধ অবস্থায় ওই মহিলাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মারা যাবার বিষয়ে আমার জানা নেয়।