সর্বশেষ সংবাদ :

চারঘাটে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার দিঘলকান্দি ঈদগাহ বটতলা এলাকায় সাথী ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জারজিস হোসেন (৩২) এবং নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে মো. হাসিব (২৪)। র‌্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জানিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:29 am | সুমন শেখ

আরও খবর