, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেইলর ও টনি মুনিয়ঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা এবং বেন কারান। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া ব্রেন্ডন টেইলরের বদলি হিসেবে দলে যোগ দিয়েছিলেন কারান।
এবারও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। অন্যদিকে ২০২২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিল্টন শুম্বা। চলতি বছর জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। দলে সবচেয়ে বেশি নজর থাকবে ২০ বছর বয়সী নিউম্যান নিয়ামহুরির দিকে।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেই দারুণ পারফরম্যান্স করেছেন এই বাঁহাতি পেসার। হারারের একমাত্র টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ৫১ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার নেতৃত্বে মাঠে নামবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে তারা।
ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও মিল্টন শুম্বা।