বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার আসলামের ছেলে রব ওরফে রবিন (৩৫) এবং মৃত ইনারুল ইসলামের ছেলে ইমন ইসলাম সবুজ (২২)- কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪২০ টাকা জব্দ করা হয়। এছাড়াও সবুজের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪৪৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরএমপির রাজপাড়া থানায় ১৩টি এবং বোয়ালিয়া থানায় ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় ৪টি মামলার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।