মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে আবারও নিজের নামের প্রতি সুবিচার করলেন কিলিয়ান এমবাপে। প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে শুধু ফ্রান্সকে কোয়ার্টার-ফাইনালে তোলেননি, গোল্ডেন বুটের দৌড়েও নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন ফরাসি অধিনায়ক।
এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে। একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। ফলে গোলের হিসাবে দুই তারকা এখন সমান অবস্থানে। তবে গোল্ডেন বুটের লড়াই কেবল গোলসংখ্যার ওপর নির্ভর করে না। সমান গোল হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার হিসেবে বিবেচনায় আসে অ্যাসিস্ট এবং প্রয়োজন হলে কম সময় খেলে সেই গোল করার বিষয়টিও। তাই সাত গোল করে এমবাপে মেসিকে ছুঁয়ে ফেললেও চূড়ান্ত অবস্থান নির্ধারণে সেই হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমবাপের ঝুলিতে বর্তমানে রয়েছে সাত গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট। অন্যদিকে মেসিও ধারাবাহিক পারফরম্যান্স করলেও এই বিশ্বকাপে তার নামের পাশে নেই কোন অ্যাসিস্ট! তবে বিশ্বকাপ যত শেষ পর্বের দিকে এগোচ্ছে, ততই এই দুজনের মাঝে ব্যক্তিগত এই লড়াইও হয়ে উঠছে আরও আকর্ষণীয়।
এখন কোয়ার্টার-ফাইনালকে সামনে রেখে দুই তারকারই সামনে রয়েছে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ। শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলদাতার স্বীকৃতি কার হাতে উঠবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের অন্যতম বড় আলোচনার বিষয়।