রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাাদপুরে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার ৪ জুলাই দুপুর তিনটার দিকে এ ভাঙচুর চালায়।
জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়ার উদ্যোগে ১০০-১২০ জন লোক ডায়া খাঁপাড়ার রুবেল হোসেনের স্ত্রী অভিযুক্ত আসমানী খাতুনের (৩৮) বাড়িঘর ভাঙচুর করা হয়।
থানা পুলিশ জানায়, আসমানী খাতুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ইতি পূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলো। সে গোপনে অনৈতিক কাজ করতো বলে স্থানীয় লোকজন অভিযোগ তুলে আসমানী ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে হাজী মনিরুল ইসলামের নেতৃত্বে এহেন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।
গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত আসমানী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিক প্রতিবাদ করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেন। পরে তারা ঘরবাড়িতে ভাঙচুর চালায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায়, মাদক ব্যবসার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন পুলিশে দেওয়া হলো না, জানতে চাইলে তারা বলেন, আমাদের পুলিশের ওপর কোনো আস্থা নেই। পুলিশ ধরলেও দুই দিন পর তিনি বের হয়ে আসেন।
এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ি ভাঙচুরের ঘটনায় আসমানিদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের দমনের নামে কারও বাড়ি ভাঙচুরের ঘটনা যা কোনোভাবেই কাম্য নয়। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। ভবিষ্যতে যাতে কেউ আইন হাতে তুলে নিতে না পারে এবং নতুন করে যাতে এ-জাতীয় ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।