শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর ফুটবল ভক্তদের জন্য বুধবার রাতটা ছিল বাঁধভাঙা উৎসবের। বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে মাতোয়ারা ছিল পুরো মেক্সিকো সিটি।
কিন্তু এই আনন্দোৎসবই শেষ পর্যন্ত রূপ নিয়েছে এক মর্মান্তিক বিষাদে। রাস্তায় নেমে উল্লাস চলাকালে অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানীর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। রাস্তায় নেমে আসা মানুষের ঢলে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ঠিক কীভাবে এই প্রাণহানির ঘটনা ঘটলো, তার বিস্তারিত এখনও জানায়নি কর্তৃপক্ষ। তবে পুরো ঘটনার তদন্ত চলছে বলে নিশ্চিত করা হয়েছে।
এরই মধ্যে স্থানীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে যে, উদযাপনের ভিড়ে তৃতীয় আরেকজনেরও মৃত্যু হয়েছে। তবে মেক্সিকো সিটি সরকার এখন পর্যন্ত এই তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি। মেক্সিকো জাতীয় দলের নকআউট পর্বে ওঠার আনন্দে হাজার হাজার মানুষ রাজধানীর রাস্তায় নেমে আসে। এবারের বিশ্বকাপ শুরুর পর দেশটিতে এটাই ছিল সবচেয়ে বড় জনসমাগমের ঘটনা। আর এই বিশাল জনতার ভিড়েই ঘটে গেল এমন ট্র্যাজেডি।