সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ১১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দেশের উত্তর জনপদের ভারত সীমান্তবর্তী জেলা দিনাজপুর বিজিব সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি কর্তৃক বিগত বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহ¯পতিবার ২৫ জুন দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিক ভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ,এস,এম নাছের, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
এ সময় জানানো হয়, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস হলো।
উল্লেখ্য, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ২০ হাজার ৪১৯টি ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬টি কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯টি নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৩ দশমিক ৩৭৭ কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার ৭৪৬ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৫ লাখ ৩৪ হাজার ১১৭টি মদ তৈরির ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতা ও সম্ভাবনাকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে আক্রান্ত হলে জাতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকের এই মাদক ধ্বংসকরণ কার্যক্রম তাদের সাফল্যেরই প্রতিফলন।
রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি আমাদের তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করছে। দেশের স্বার্থে এবং একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।
তিনি মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ