দ্বিতীয়বার মাসসেরা মুশফিকুর

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক মুশফিকুর রহিম পেলেন দুর্দান্ত এক আন্তর্জাতিক স্বীকৃতি। সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরিকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
পুরুষ বিভাগে মুশফিক সেরা হলেও নারী বিভাগে মাসসেরার খেতাব জিতেছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। এটি মুশফিকের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা হওয়ার গৌরব। এর আগে ২০২১ সালের মে মাসেও তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। অন্যদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টানা দ্বিতীয় মাসে এই পুরস্কার এলো। এর আগের মাসে (এপ্রিলে) নিউ জিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে মাসসেরা হয়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। আর তারও আগে ২০২৫ সালের এপ্রিলে এই কীর্তি গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
ঘরের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক সিরিজে ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখান মুশফিক। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি করেন মোট ২৫৩ রান । মিরপুরে প্রথম টেস্টে দলের জয়ে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর, সিলেটে দ্বিতীয় টেস্টে খেলেন ১৩৭ রানের এক দুর্দান্ত শতক। এই সেঞ্চুরির পথেই মমিনুল হককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক বনে যান মুশফিক। একই সঙ্গে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজসেরার পুরস্কারও জেতেন ৩৯ বছর বয়সী এই তারকা।
মুশফিকের সঙ্গে মাসসেরার দৌড়ে সমানভাবে আলোচনায় ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচে ১৯.৬১ গড়ে তিনি শিকার করেন ১৩টি উইকেট, যার মধ্যে সিলেট টেস্টে ১২০ রানে ৬ উইকেট নেওয়ার এক দুর্দান্ত স্পেলও ছিল। এছাড়া নেপালের দীপেন্দ্র সিং ঐরি বিশ্বকাপ লিগ-২ এ ৬ ম্যাচে ২৪৯ রান ও ৮ উইকেট নিয়ে এই দৌড়ে শামিল হয়েছিলেন।
আবারও মাসসেরা হয়ে মুশফিকুর রহিম তার সতীর্থ ও দলের সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্পিনার তাইজুলের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের, বিশেষ করে টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। পাকিস্তানের বিপক্ষে আমাদের এই স্মরণীয় সিরিজ জয়ে তাইজুলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা দীর্ঘদিন সবার মনে থাকবে। ’
তিনি আরও যোগ করেন, এই ঐতিহাসিক জয়টি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে এগিয়ে নিতে বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতেও দেশের জার্সিতে এমন সাফল্য ধরে রাখতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।


প্রকাশিত: জুন ২৪, ২০২৬ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর