সর্বশেষ সংবাদ :

বাঘায় ভাঙা সড়কে ভ্যান উল্টে একজন নিহত

স্টাফ  রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার-নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল অবস্থার কারণে আম বোঝাই একটি ভ্যান উল্টে আশ্বাব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সড়কের প্রবেশমুখে অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।নিহত আশ্বাব আলী বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইনছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে থাকা ব্রিজটির দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শনিবার দুপুরে আমোদপুর গ্রামের কুদ্দুসের আম বোঝাই একটি ভ্যান ব্রিজে ওঠার সময় পেছন থেকে ঠেলে সহায়তা করছিলেন আশ্বাব আলী। একপর্যায়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আমভর্তি কার্টন ও ভ্যান তার বুকের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ভ্যান ও কার্টন সরিয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, বাঘা ও চারঘাট উপজেলার কৃষকদের আমসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান সড়ক এটি। কিন্তু ব্রিজের দুই পাশের ভাঙা অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে কৃষক, ব্যবসায়ী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক ও ব্রিজের সংযোগস্থল সংস্কারের দাবি জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনের গাফেলতির কারণে এটি পৌরসভার রাস্তা হওয়ার সত্বেও দীর্ঘদিন থেকে অব্যবস্থাপনায় পড়ে রয়েছে। এ রাস্তার সংস্কারের জন্য এলাকাবাসীরা উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: June 20, 2026 | সময়: 9:20 pm | Daily Sunshine