সর্বশেষ সংবাদ :

অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে রাসিক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলে স্পষ্ট করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সম্প্রতি কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ।
রাসিকের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় চলাচলকারী অটোরিকশা চালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় নগরবাসীর মধ্যে বিভ্রান্তি দূর করতে সিটি কর্পোরেশন স্পষ্টভাবে জানিয়েছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন কোনো ভাড়া কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত তারা নেয়নি। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নগরবাসী যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান না করেন এবং কোনো চালক অতিরিক্ত ভাড়া দাবি করলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। একই সঙ্গে অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভাড়া সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়, সাহেববাজার, রেলগেটসহ বিভিন্ন এলাকায় কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়ে অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।
এ সময় যাত্রীদের জানানো হয় যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি চালকদেরও সতর্ক করা হয় যাতে তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ দাবি না করেন। ভাড়া সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি এড়িয়ে চলতে এবং সঠিক তথ্য জানাতে প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। রাসিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী। তাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন রুটে অটোরিকশা চালকরা আগের তুলনায় বেশি ভাড়া দাবি করছেন। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে এবং সর্বনিম্ন ভাড়া ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। নগরীর লক্ষ্মীপুর এলাকার জুবায়ের আলী নামে এক যাত্রী বলেন, “অনেক চালক বলছেন ভাড়া বেড়েছে। কিন্তু কোথাও কোনো সরকারি ঘোষণা দেখিনি। রাসিক মাঠে নেমে বিষয়টি পরিষ্কার করায় সাধারণ মানুষ উপকৃত হবে।” অন্যদিকে কয়েকজন চালক জানান, জ্বালানি, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে তাদের পরিচালন ব্যয় বেড়েছে। সেজন্য তারা ভাড়া বাড়িয়েছে। তবে যেহেতু সিটি কর্পোরেশন কর্তৃক ভাড়া বৃদ্ধি করেনি তাই চালকদের একাংশ জানিয়েছে তারা নির্ধারিত ভাড়াই গ্রহণ করবে।


প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর