সর্বশেষ সংবাদ :

আত্মগোপনে থাকা বাঘার মাদক সম্রাট গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি সুভাষ কুমার সরকার(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর পশ্চিমপাড়া গ্রামের সুশীল কুমার সরকারের ছেলে সুভাষ কুমার সরকার মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি। ঢাকার মতিঝিল থানায় দায়ের করা মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়াও বাঘা থানায় দায়ের করা অপর একটি মাদক মামলার বিচার কার্যক্রম চলাকালে তিনি পলাতক থাকায় রাজশাহীর আদালত তার বিরুদ্ধে পৃথক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানাগুলো বাঘা থানায় পৌঁছানোর পর থেকেই তাকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, পুলিশের তৎপরতা টের পেয়ে সুভাষ কুমার সরকার রাজধানীর ডেমরা এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাঘা থানা পুলিশ।
গ্রেপ্তারের পর সোমবার (১৬ জুন) তাকে রাজশাহীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যতই কৌশলে পালিয়ে বেড়াক না কেন, শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতেই হবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে সুভাষ কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, বাঘা সীমান্তবর্তী একটি উপজেলা। এখানে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব দীর্ঘ দিনের। তবে আমি যোগদানের পর পূর্বের যে কোন সময়রের চেয়ে বর্তমান অবস্থান ভালো বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। মাদকের সাথে আমার কোন আপোষ নেই। সর্বোচ্চ চেষ্টার ফলে সুভাষ কুমারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি মাদক সংক্রান্তে অভিযান অব্যাহত রাখবেন বলেও মন্তব্য করেন।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৯:৫৫ পূর্বাহ্ণ | Daily Sunshine