মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জয়পুরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং মেন্টর তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ জুন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মাদকাসক্তির ভয়াবহ কুফল এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে ‘মেন্টর’ বা সচেতনতাকর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ