বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কয়েক দাঁড়া শিল্পীপাড়া এলাকার হাসান (২২)। পোলিও আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধীর জীবন-যাপন করছেন। দুই পায়ে শরীরটাকে টেনে নিয়ে যাওয়ার শক্তি তার নেই। পরিবারেরও নেই তেমন সমর্থ। বিষয়টি নজরে আসে রক্তবন্ধন ফাউন্ডেশনের সদস্যদের। এরপরে হাসানের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন তারা। হাসানকে দেয়া হয় হুইল চেয়ার।
হাসানের পারিবারিক সূত্র জানায়, হাসান (২২) পোলিও রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী অবস্থায় জীবন-যাপন করছিল। একটু হাঁটতে গিয়ে পড়ে যায় সে। এতে বারবার আহতও হচ্ছিল তিনি। হাসানকে একটা হুইল চেয়ার কিনে দেয়ার অর্থও তাদের নেই। পরিবারের যা আয় তাতে কোনভাবে দুই বেলা ভাত খেয়ে দিন পার হয় তাদের।
রক্তবন্ধন ফাউন্ডেশনের রুমেল রহমান জানান, হাসানের করুণ অবস্থা শুনে তাদের টিম খোঁজ খবর নেয়। যাচাইবাছাই শেষে তারা হাসানের মুখে হাসি ফোটানোর জন্য একটি হুইল চেয়ার কিনে দেয়ার সিদ্ধান্ত নেয়। রবিবার তারা সরেজমিনে উপস্থিত হয়ে হাসানকে একটি হুইল চেয়ার উপহার দেন। এটি ফাউন্ডেশনের ২০তম হুইল চেয়ার প্রদান।
দীর্ঘদিন ধরেই মানবিক নানা কাজে জড়িত আছে সংগঠনটি। মানবিক কাজকে আরও এগিয়ে নিতে সংগঠনটি সম্প্রতি সরকার কর্তৃক নিবন্ধনও পেয়েছে।