সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর-৩ আসনের এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাসায় আড়াই মাসের মাথায় দ্বিতীয় বারের মতো বৈদ্যুতিক তার চুরির দুদিনের মধ্যে এবার নাটোর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির সুযোগে দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটার, আইপিএস পিসি সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
নাটোর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার সাপ্তাহিক কর্মদিবস শেষে তারা যথারীতি অফিস বন্ধ করে বাড়ি চলে যান। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকালে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত তাদের অফিস খুলে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, দুর্বৃত্তরা অফিসের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, আইপিএস পিসিসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। এদিকে শনিবার রাতের কোনো এক সময়ে নাটোর আধুনিক সদর হাসপাতালেও চুরির ঘটনা ঘটে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, চোর চক্র হাসপাতালের নতুন ৬তলা ভবনের ২০১৮ নম্বর কক্ষের জানালার গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে। ওই কক্ষটিতে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে এই একই ভবনেই এক শিশু রোগীর মাকে ধর্ষণের ঘটনায় তিন সুইপারকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল, যার রেশ কাটতে না কাটতেই এবার চুরির ঘটনা ঘটলো।
রোববার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় নাটোরের সিভিল সার্জন মোহাম্মদ মশিউর রহমান বলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালে ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও পুরো হাসপাতালের সীমানা প্রাচীর ভালো না হওয়ায় বিভিন্ন প্রান্ত দিয়ে ভিতরে সহজে প্রবেশ করা যায়। যার কারণে বিভিন্ন অনাকাংক্ষিত ঘটনা বন্ধ হচ্ছে না।