শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। নিহত দুই শিশু হলো সদর উপজেলার বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের ৭ বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে জেসমিন ও ইসরাত নিখোঁজ হয়। তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, পদ্মা নদীতে পানির পরিমাণ বেশি এবং স্রোত তীব্র থাকায় উদ্ধার কাজে কিছুটা সময় লেগেছে। পরে অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।