শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে
অনুষ্ঠিটির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর এমপি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী কার্যক্রমের খোঁজখবর নেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং নতুন নতুন উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন ও গবেষণাকর্ম তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়তের আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফোরামের রাজশাহী জেলা সভাপতি ডা, ওবায়দুল্লাহ, ফিনল্যান্ড প্রবাসী ডাক্তার মোঃ সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান প্রমুখ ।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সাইফুল ইসলাম/শামি