শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ-এর দুইজন বিজ্ঞানী ড. তাকেহিরো সুজুকি ও ড. কাযুইউকি ওকামুরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তাঁরা রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপের সাথে আর্সেনিক বিষক্রিয়ার উপর যৌথ গবেষণার করছেন। মতবিনিময়কালে ভবিষ্যতে যৌথ গবেষণার বিভিন্ন দিক ও রাবির গবেষণা কার্যক্রম বৃদ্ধির জন্য জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং রাবির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করার প্রয়োজনীয়তার ব্যাপারে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন ও একমত হন।
প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপ-এর সাথে যৌথ গবেষণার জন্য জাপানী বিজ্ঞানীগণকে উপাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স রিসার্চ গ্রুপ এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ এর যৌথ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল ইতোমধ্যে কয়েকটি উচ্চমানের খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।