সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি হুদা

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে থাকা উপজেলাধীন ঢেকড়া সফিরের জমি হইতে খোর্দ্দভূবন ব্রীজ পর্যন্ত ১,২০০ মিটার খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে খাল সংস্কার কাজের উদ্বোধন করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নিমিত্ত ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলাধীন ঢেকড়া সফিরের জমি হইতে খোর্দ্দভূবন ব্রীজ পর্যন্ত খাল সংস্কার কাজের জন্য ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এ ধরনের প্রকল্প স্থানীয় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
স্থানীয় কৃষকরা জানান, খাল পুনঃখনন হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। এতে এলাকার কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।
এদিকে, প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন ও নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।


প্রকাশিত: June 1, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর