সর্বশেষ সংবাদ :

তিন ক্যাটাগরিতে ৩৩ মনোনয়নপত্র পেল বিসিবি নির্বাচন কমিশন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
শুক্রবার (২২ মে) দিনভর মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তাহেরুল হক জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফরম গ্রহণ করেছি।’
তিনি আরও জানান, তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যাটাগরি-১ এ জমা পড়েছে ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে তাহেরুল হক বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। নির্বাচন পরিচালনার নীতিমালাসহ সব কিছু বিবেচনায় নিয়েই যাচাই-বাছাই করা হবে।’
বিভাগভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে ফরম জমা দিয়েছেন সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খান খোকন। চট্টগ্রাম বিভাগ থেকে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈনুদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন মনোনয়ন জমা দিয়েছেন।
খুলনা বিভাগে প্রার্থী হয়েছেন চৌধুরী শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আব্দুস সালাম। বরিশাল বিভাগ থেকে মুনতাসির আলম চৌধুরী ও মিজানুর রহমান এবং সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, ক্যাটাগরি-৩ এ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সিরিজের রেশ কাটতে না কাটতেই আবার ব্যস্ত সূচিতে ঢুকে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সদ্য শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা।
সেই সিরিজের সূচিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এই সফর। সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সফরের শুরু হবে লাল বলের ক্রিকেট দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এরপর একই ভেন্যুতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল গত বছর বাংলাদেশে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে নাটকীয়ভাবে তিন উইকেটের জয় পেয়েছিল জিম্বাবুয়ে, যা ছিল চার বছরের মধ্যে তাদের প্রথম টেস্ট জয়।
বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২২ সালে। সেবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। আসন্ন সিরিজটি জিম্বাবুয়ের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। একই সঙ্গে চলতি বছরের প্রথম হোম সিরিজও এটি।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক গিভমোর ম্যাকোনি বাংলাদেশের সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত।’
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি: একমাত্র টেস্ট: ২৮ জুন-২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব
১ম ওয়ানডে: ৬ জুলাই, ২য় ওয়ানডে: ৯ জুলাই, ৩য় ওয়ানডে: ১১ জুলাই, ১ম টি-টোয়েন্টি: ১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, ২য় টি-টোয়েন্টি: ১৭ জুলাই, ৩য় টি-টোয়েন্টি: ১৯ জুলাই।


প্রকাশিত: May 23, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর