, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় সরকারি কর্মকর্তা ও জেলা অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় শহরের রাণী সভা কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা বিএসডিও, ওয়েভ ফাউন্ডেশন ও জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে এই সভার আয়োজন করে। বিএসডিও বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম এর চেয়ারপার্সন ফজলুল হক খাঁন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াজেদ আলী।
সভায় গেটকা প্রকল্পের গত দেড় বছরের কাজের অগ্রগতি উপস্থাপন করেন গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী আতাউর রহমান। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের কারণে অসহায় হয়ে পড়া প্রান্তিক মানুষকে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধায় অগ্রাধিকার প্রদান এবং ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ইস্যুগুলোকে গুরত্বসহকারে বিবেচনা করার জন্য অনুরোধ জানান।
এসময় অন্যদের মধ্যে ছিলেন জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, জেলা প্রেসক্লাব সভাপতি রাইহান আলম, ধ্রুব তারা মহিলা সমিতির সভাপতি মর্জিনা বেগম, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রানী প্রমুখ।
উল্লেখ্য বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরী সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।