সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ: সোবহানা

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। শক্তিশালী প্রতিপক্ষ, ভিন্ন কন্ডিশন এবং ইনজুরি সমস্যা থাকলেও দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিশেষ করে স্পিন আক্রমণ ও দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা রাখছেন তিনি।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ছেলেদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলাকে ইতিবাচকভাবেই দেখছেন সোবহানা। তার মতে, দ্রুত গতির বোলিংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপের বড় ম্যাচে কাজে দেবে। কারণ গ্রুপ পর্বেই বাংলাদেশকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের মতো শক্তিশালী দলের বিপক্ষে।
সোবহানা বলেন, ‘বিশ্বকাপের জন্য আমি বলব যে ছেলেদের সাথে খেলা আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি ইটস বেটার। কারণ হচ্ছে ওরা ভালো জোরে বল করে। আমাদের যেহেতু গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে তো তারাও এইরকম পেসেই বল করবে আমার কাছে মনে হয়।’ দলের পেস আক্রমণ নিয়ে প্রশ্ন থাকলেও স্পিন নির্ভরতাকেই বড় শক্তি হিসেবে দেখছেন এই ব্যাটার।
তিনি বলেন, ‘লাস্ট তিন-চার বছর ধরে আমরা কিন্তু স্পিনের ওপর নির্ভরশীল।’ পাশাপাশি তরুণ পেসারদের প্রতিও আস্থা রাখছেন তিনি। সোবহানা বলেন, ‘মারুফা যে ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদেরকে, আবার তৃষ্ণারও বলব যে ও অনেক ভালো লাস্ট সিরিজে করেছে। আমার কাছে মনে হয় এরা দুইজন খেললেও আমাদের কিছু আশা করা যায় ওই উইকেটে।’
তবে বিশ্বকাপের আগে ইনজুরি কিছুটা চিন্তার কারণ হয়ে উঠেছে বাংলাদেশ দলে। কয়েকজন ক্রিকেটার চোট নিয়েই খেলছেন। যদিও এটিকে বড় সংকট হিসেবে দেখছেন না সোবহানা। তিনি বলেন, ‘সবারই কিন্তু টুকটাক আসলে আমাদের ইনজুরড আছে, আমরা কিন্তু খেলছি। বাট যেখানে ইনজুরির কথা বলা হচ্ছে আমার কাছে মনে হয় যে তারা সেখান থেকে আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছে।’ বিশেষ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার নাহিদা আক্তার গুরুত্ব আলাদাভাবে তুলে ধরেন তিনি।
সোবহানা বলেন, ‘নাহিদা আপু ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার আমাদের। তো ওই ঘাটতি আমরা কোনো কাউকে দিয়ে পূরণ করতে পারব না। যেমন জ্যোতি আপু আমাদের ক্যাপ্টেন। তো উনার ঘাটতি আমরা কাউকে দিয়েই পূরণ করতে পারব না।’


প্রকাশিত: May 15, 2026 | সময়: 4:25 am | সুমন শেখ

আরও খবর