সর্বশেষ সংবাদ :

সারা দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সানশাইন ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু হামের উপসর্গে মারা গেছে। আর তিনজন হামে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে তিনজনের। আর হামের উপসর্গে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় একজন করে এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪২৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৫ জন।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর