সর্বশেষ সংবাদ :

নগরীত বিশ্ব নার্স দিবস পালন

স্টাফ রিপোর্টার: বিশ্বের অন্যান্য দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব নার্স দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এবারের প্রতিপাদ্য ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফাউন্ডেশন ভবনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি- খন্দকার এনায়েত হোসেন বাবু, সহ-সভাপতি ও হাসপাতালের চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য মো. এনামুল হক ও ডা. মো. মনিরুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. তাজমিলুর ইসলাম, অন্যান্য চিকিৎসক, নার্সিং সুপারিনটেনডেন্ট, নার্সিং সুপারভাইজার, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ইসলামী ব্যাংক হাসপাতাল: ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- গাইনি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সালমা আজুমান্দ বানু। ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মরত নার্সদের অংশগ্রহণে- র‌্যালিটি লক্ষীপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে- হাসপাতালের কনসাল্টেশন সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- নার্সিং একটি মহান পেশা এ পেশায় যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। ডাক্তারগন রোগীর চিকিৎসা দেন কিন্তু নার্সগন রোগীর সেবার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলেন। এজন্য রোগীর সেবার মাধ্যমে নার্সদের পরকালে জান্নাত পাওয়াও সহজ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোঃ হাসানুজ্জামান বলেন- নার্সের জনক ফ্লোরেন্স নাইটিংগেল ১৮২০ সালের ১২ই মে ইতালিতে জন্মগ্রহণ করেন। নার্সিংয়ে ফ্লোরেন্স নাইটিংগেলের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৭৪ সালের ১২ই মে হতে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

ড. মোহাঃ আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মোহাম্মদ মামুন। আরও বক্তব্য রাখেন- নিয়ার মেডিকেল অফিসার ডাক্তার রওশন আক্তার বানু, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহ-মুদ-উল হাসান, হিসাব বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান ও আব্দুল মালেক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নার্সিং সুপারভাইজার সায়মা খাতুন, সিনিয়র স্টাফনার্স মায়শা জান্নাত, আয়েশা পারভিন, মুস্তাকিম আলী, শাকিলা খাতুন, মাসুদ রানা প্রমূখ।
নওগাঁ: নওগাঁ সদর হাসাপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে সেখানে আলোচনা সভা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। আলোচনা সভায় নওগাঁ নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, নওগাঁ বিএমএ সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, ডা. মীর সুফিয়ানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ