সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপের জন্য স্কুলের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপকে সামনে রেখে স্কুলের শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত করার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে মেক্সিকো সরকার। অভিভাবক, শিক্ষা বিশ্লেষক ও স্থানীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনার মুখে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিশ্বকাপ উপলক্ষে শিক্ষাবর্ষ প্রায় ৪০ দিন আগেই শেষ করার ঘোষণা দিয়েছিলেন মেক্সিকোর শিক্ষা সচিব মারিও দেলগাদো। তবে ঘোষণার পরপরই দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও সংশয় প্রকাশ করেন এবং অভিভাবকদের মতামত জানতে শিক্ষা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের উদ্যোগ নেন।
সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, শিক্ষাবর্ষ আগের সূচি অনুযায়ীই চলবে। সে অনুযায়ী আগামী ১৫ জুলাই স্কুল ছুটি শুরু হবে এবং ৩১ আগস্ট পুনরায় ক্লাস শুরু হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। এর আগে শেইনবাউম বলেছিলেন, ‘আমরা ছয় সপ্তাহের ছুটির সময়কাল আগের মতোই রাখতে চাই।
হয়তো কিছু শিক্ষার্থী আগে ক্লাস শুরু করবে, আবার কেউ আগের সূচি অনুযায়ী চলবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এখন আমাদের শুনতে হবে।’ গত শুক্রবার আকস্মিকভাবে শিক্ষাবর্ষ ৫ জুন শেষ করার ঘোষণা দিয়েছিলেন দেলগাদো। তিনি যুক্তি দিয়েছিলেন, বিশ্বকাপের পাশাপাশি চলমান তাপপ্রবাহের কারণেও এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তবে সিদ্ধান্তটি কার্যকরের আগেই মেক্সিকোর দুটি অঙ্গরাজ্য এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। পাশাপাশি অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মেক্সিকোর গবেষণা প্রতিষ্ঠান ‘মেক্সিকো এভালুয়া’ এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ২ কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর কার্যকর শিক্ষার সময় আরও কমে যেত।
প্রতিবেদনে বলা হয়, ‘এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের শেখার সময় আরও কমিয়ে দিত এবং তাদের পড়াশোনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলত।’ আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যৌথভাবে আসরটির আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো।
এদিকে বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা ও অবকাঠামো প্রস্তুতি নিয়েও আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শেইনবাউম। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট চলাকালীন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চলমান উন্নয়নকাজও সময়মতো শেষ করা হবে। বিশেষ করে অ্যাজটেকা স্টেডিয়াম ও মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ