সর্বশেষ সংবাদ :

টানা দ্বিতীয়বার লিগ ওয়ানের বর্ষসেরা দেম্বেলে

স্পোর্টস ডেস্ক: ফরাসি ফুটবলে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন উসমান দেম্বেলে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ড টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন লিগ ওয়ানরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পেয়েছেন ২৮ বছর বয়সী ফরাসি তারকা। দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই পিএসজি এখন ১৪তম ফরাসি লিগ শিরোপার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল। এই পুরস্কার জয়ের মাধ্যমে দেম্বেলে হয়ে গেলেন লিগ ওয়ানে টানা দুইবার বর্ষসেরা হওয়া মাত্র পঞ্চম ফুটবলার। এর আগে সর্বশেষ ২০১৪ সালে এই কীর্তি গড়েছিলেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
গত বছর দেম্বেলে এই পুরস্কার জিতে শেষ করেছিলেন কিলিয়ান এমবাপ্পের একচ্ছত্র আধিপত্য। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে এমবাপ্পে টানা পাঁচবার জিতেছিলেন লিগ ওয়ানের বর্ষসেরার স্বীকৃতি। পুরস্কার হাতে নিয়ে দেম্বেলে বলেন, ‘এটি ব্যক্তিগত পুরস্কার হলেও আমি যেসব ব্যক্তিগত সম্মান জিতেছি, সবই এই দলের কারণেই সম্ভব হয়েছে।’
ইনজুরিতে জর্জরিত একটি মৌসুম কাটালেও নিজের পারফরম্যান্স দিয়ে ঠিকই আলোচনায় ছিলেন দেম্বেলে। এবার লিগ ওয়ানে মাত্র ৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। মাঠে কাটিয়েছেন মোট ৯৬০ মিনিট, যেখানে গত মৌসুমে ২০ ম্যাচে শুরু করে খেলেছিলেন ১ হাজার ৭৩৬ মিনিট।তবে কম সময় মাঠে থেকেও গোল ও অ্যাসিস্টে কার্যকর ছিলেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১০ গোল ও ৬ অ্যাসিস্ট। যদিও গত মৌসুমে তার নামের পাশে ছিল ২১ গোল ও ৮ অ্যাসিস্ট। রোববার ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে পিএসজি। দুই ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। গোল ব্যবধানেও সুবিধাজনক অবস্থানে রয়েছে প্যারিসের ক্লাবটি।
বুধবার দ্বিতীয় স্থানে থাকা লেন্সের মাঠে হার এড়াতে পারলেই টানা পঞ্চমবারের মতো ফরাসি চ্যাম্পিয়ন হবে পিএসজি। সব মিলিয়ে গত ১৪ মৌসুমে এটি হবে তাদের ১২তম লিগ শিরোপা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছন্দে আছে ফরাসি জায়ান্টরা। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। চলতি মাসের শেষ দিকে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
এবারের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন দেম্বেলের সতীর্থ দেজিরে দুয়ে। আর পিএসজির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে লেন্সকে গড়ে তোলায় বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিয়েরে সেজ।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:13 am | সুমন শেখ