সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে রুপালী খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপালী খাতুন পারকোল গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তার পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন বলেও স্থানীয় সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দ্বিতীয় সন্তান জন্মের পর থেকে রুপালী খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। এসব বিষয়কে কেন্দ্র করে স্বামীর সাথেও তার ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
বৃহস্পতিবার সকালে তিনি সবার অগোচরে বাড়ির পাশের একটি জামগাছের ডালের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস নেন। পরে স্বজনরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


প্রকাশিত: May 8, 2026 | সময়: 3:51 am | সুমন শেখ