সর্বশেষ সংবাদ :

লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল : ১৭ বছর ধরে দেশকে ধ্বংসের দুয়ারে দাঁড় করানো হয়েছে

লালপুর প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ১৭ বছর ধরে বাংলাদেশকে ধ্বংসের দুয়ারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে তুলে আনতে চাই। তবে সেটা একদিনে সম্ভব হবে না, এজন্য ধর্য ধরতে হবে।
এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আগে আমরা শুনেছি, বাংলাদেশ উন্নয়নের জোয়ারে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা হয়ে গেছে। বর্তমান সরকারের যে উন্নয়ন পরিকল্পনা আছে এই উন্নয়নের সঙ্গা পরিবর্তন হয়েছে।
এসরকারের কাছে উন্নয়ন মানে হচ্ছে প্রতিটা মানুষের জীবন মানের উন্নয়ন। আমরা যে যেখানে আছি সেখান থেকেই যেন আমরা নিজের জীবনমানের উন্নয়ন করতে পারি সে লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমরা যে ৩১ দফা নিয়ে দ্বারে দ্বারে ঘুরে ক্ষমতায় এসেছি তা বাস্তবায়ন করতে শুরু করেছি। যথা সময়ে তা শেষ করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, লালপুরে বিদ্যুতের ঘাটতি মেটাতে লালপুরের পদ্মার চরে সোলার প্যানেল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সারাদেশের ন্যায় এ এলাকার সকল খাল পুনঃখনন করা হবে এবং এলাকায় কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি পদ্মানদী ও খাল বিলে মাছের উৎপাদন বাড়াতে যেসব পরিকল্পনা গ্রহন করা দরকার মৎস্য বিভাগকে তার তালিকা তৈরীর নির্দেশনা দেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রবিবার লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত সেমিনার এবং লালপুরের দু’টি খাল খনন অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার ওমর আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেলিম উদ্দীন, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি আহবায়ক নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।
সকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপজেলার আড়বাব ইউনিয়নে চন্দনা খাল ও ওয়ালিয়া ইউনিয়নে খলিশাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করনে।


প্রকাশিত: May 4, 2026 | সময়: 4:10 am | সুমন শেখ