বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্রের পরীক্ষায় নকল করার অপরাধে এক মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি পরীক্ষা চলাকালীন আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের (কোড-৩৪৩) এক নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী সাদিয়া আক্তার (রোল-১৭৩৭৯৪, রেজি: ২৩১৮৮৪৮১২৪) আরবি ২য় পত্র বিষয়ে পরীক্ষায় নকল করে লিখছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকের হাতে নাতে ধরা পড়েন তিনি। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ওই ছাত্রীকে বহিষ্কার করেন।
আরও জানা গেছে, বহিষ্কৃত ওই শিক্ষার্থী সাদিয়া আক্তার উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থী ছিলেন।
এবিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্র পরীক্ষা চলছিল। ১ নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী নকল করে পরীক্ষা দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। এ কারণে বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নকল করে পরীক্ষা দেওয়ায় একজন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, পরীক্ষায় নকল করার দায়ে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।