বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশ ফাঁড়ির ওসি সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঈশ্বরদীর পদ্মা নদীর কুষ্টিয়া প্রান্তের হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ২১ এপ্রিল দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
একাধিক সুত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওসি সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।