সর্বশেষ সংবাদ :

বাঘায় পহেলা বৈশাখ উদযাপিত,সরব উপস্থিতি এমপি চাঁদের

নুরুজ্জামান, বাঘা :
রাজশাহীর বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী উৎসব ঘিরে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনব্যাপী নানা নানা কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সরব অংশগ্রহণ।

 

তিনি প্রথমে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বটমূল চত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে আয়োজিত বৈশাখী মঞ্চে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। এই দিনে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারা আমার জন্য বিশেষ আনন্দের। তিনি আগামী বছর আরও জমকালো আয়োজনে নববর্ষ উদযাপনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সকল নেতা-কর্মী।

এদিকে আলোচনা শেষে তিনি শাহদৌল্লা সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে বসে পান্তা-ইলিশসহ গ্রামীণ খাবার উপভোগ করেন। তার এ অংশগ্রহণ উপস্থিত জনতার মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং এক ভিন্নধর্মী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। সংসদ সদস্যকে কাছে পেয়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং খোলামেলা পরিবেশে মতবিনিময় করেন।

মেলার আয়োজকরা জানান, জনপ্রতিনিধির এ ধরনের অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং ইতিবাচক বার্তা দেয়। প্রতি বছর বাঘায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হলেও এবার বড় পরিসরে বৈশাখী মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে বাউসা ইউনিয়নের পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়রা নিজ উদ্যোগে একটি বৈশাখী মেলার আয়োজন করেন।

সব মিলিয়ে পহেলা বৈশাখে এই আন্তরিক অংশগ্রহণ উৎসবের আনন্দ বাড়ানোর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের উপস্থিত এবং ইলিশ পান্তা-সহ হরেক রকমের স্টল সকলের নজর কেড়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: April 15, 2026 | সময়: 10:40 am | Daily Sunshine

আরও খবর